মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
ইতিহাস ও এতিহ্য
আধুনিকতার ভিড়েও তিস্তার চরে ঘোড়ার গাড়ির অটুট যাত্রা
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর)
Publish: Thursday, 29 January, 2026, 4:49 PM
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জীবনের বহু ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। একসময় গ্রামবাংলার পথে-প্রান্তরে যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম বাহন ছিল ঘোড়ার গাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য এখন প্রায় হারিয়েই গেছে। তবে ব্যতিক্রম রয়ে গেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল।

উঁচু-নিচু বালুময় আঁকাবাঁকা পথে আজও চরবাসীর প্রধান ভরসা ঘোড়ার গাড়ি। যেখানে আধুনিক যান্ত্রিক যানবাহনের চলাচল অসম্ভব, সেখানে নির্ভরযোগ্য বাহন হিসেবে টিকে আছে এই ঐতিহ্যবাহী যান। বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই চরবাসীর যাতায়াত ও জীবিকার অন্যতম অবলম্বন।

তিস্তার পানি কমে যাওয়ায় নদীর বুকে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য চর। এসব চরের বালুর রাস্তা ধরে এখনো টগবগ শব্দ তুলে ছুটে চলে ঘোড়ার গাড়ি। উপজেলার নোহালী, লক্ষীটারী, গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নের চরাঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে এই গাড়ির ব্যবহার অব্যাহত রয়েছে।

চরাঞ্চলে উৎপাদিত আলু, ভুট্টা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল প্রথমে তোলা হয় ঘোড়ার গাড়িতে। এরপর কয়েক কিলোমিটার দীর্ঘ বালুর পথ পেরিয়ে সেগুলো পৌঁছে যায় হাট-বাজারে। চরবাসীর কাছে ঘোড়ার গাড়ি কেবল একটি বাহন নয়, বরং জীবিকার অবিচ্ছেদ্য অংশ।

ঘোড়ার গাড়িচালক আব্দুস সাত্তার বলেন, আমরা চরের কৃষক মানুষ। বহু বছর ধরেই ঘোড়ার গাড়ি চালাই। ফসল ঘরে তোলা থেকে বাজারে নেওয়া—সবই এই গাড়িতে করতে হয়।

আরেক চালক জসীম উদ্দীন জানান, ফসল তোলা হোক বা হাটে নেওয়া, ঘোড়ার গাড়ি ছাড়া এখানে কোনো উপায় নেই।

ছালাপাক গ্রামের কৃষক আনিছার বলেন, বাড়ি থেকে কয়েক মাইল দূরে জমি। ঘোড়ার গাড়ি না পেলে মাথায় বা কাঁধে করেই ফসল আনতে হয়।

একই গ্রামের ঘোড়ার গাড়িচালক নাজমুল ও কালাম জানান, তারা প্রায় এক যুগ ধরে এই পেশায় যুক্ত। প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ টাকা আয় হয়। এর মধ্যে ২০০–২৫০ টাকা খরচ হয় ঘোড়ার খাবারে। বাকি অর্থ দিয়েই কোনোমতে চলে তাদের সংসার।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী বলেন, নদী তীরবর্তী বালুময় রাস্তায় চলাচল বা পণ্য পরিবহনের জন্য এখনো একমাত্র কার্যকর বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি।

তিস্তার চরে সূর্য ডুবে গেলেও বালুর পথ ধরে ছুটে চলে ঘোড়ার গাড়ি। আধুনিকতার জোয়ারে যখন গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তখন এই ঘোড়ার গাড়িগুলো যেন সময়ের সাক্ষী হয়ে আজও টিকে আছে তিস্তার বুকজুড়ে।

কেকে/ এমএম

সর্বশেষ সংবাদ

অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা
শেরপুরে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ভারী বর্ষণে রামুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পৌঁছায়নি সরকারি সহায়তা
টানা বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, বাড়ছে সাংগু ও মাতামুহুরী নদীর পানি
নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত

খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল
গজারিয়ায় কিশোরী ধর্ষণ, প্রধান অভিযুক্ত সাজিদ গ্রেপ্তার
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গলে অবহেলিত শতবর্ষী ভিক্টোরিয়া স্কুল মাঠ, আধুনিকায়নের দাবি এলাকাবাসীর
ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর
সর্বস্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত।
সম্পাদক ও প্রকাশক : আলহাজ্ব মিজানুর রহমান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ৩৭ দিলকুশা, সান মুন টাওয়ার, লেভেল ১৭,বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, মোবাইল: +৮৮০১৭৬২-৩৭৫২৬৮, ফ্যাক্স: ৯৫৮৪১২৬, ই-মেইল: bartamandhaka@gmail.com
ফলো করুন: